নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবককে হাত-পা বেঁধে অপহরণ, মারধর এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা আতাউর রহমান সানির বিরুদ্ধে।
রোববার (৩০ আগস্ট) আড়াইহাজার উপজেলার সদরের নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী যুবকের নাম আরাফাত। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার বেনু ফকিরের ছেলে। তিনি গোপালদী বাজারে কাপড়ের ব্যবসা করেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, জিম শেষ করে আড়াইহাজার বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় আরাফাতকে আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান সানির নেতৃত্বে চার থেকে পাঁচজন ব্যক্তি জোর করে ধরে নিয়ে যান। পরে তাকে শহীদ মিনারের পাশের একটি কল্যাণ পরিষদে নিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়।
একপর্যায়ে আরাফাতের পরিবারের কাছে ফোন করে তার মুক্তির বিনিময়ে টাকা দাবি করা হয়। পরিবারের দাবি, অপহরণকারীদের দাবির মুখে তারা ২০ হাজার টাকা দিতে বাধ্য হন। টাকা দেওয়ার পরও আরাফাতকে মারধর করা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ সময় আরাফাতকে উদ্ধার করা হয়।
আরাফাতের চাচা দায়ের ফকির বলেন, ‘আমার ভাতিজাকে ধরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ২০ হাজার টাকা দেওয়ার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং মামলা না করার জন্য আমাদের ওপর চাপ দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত আতাউর রহমান সানির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




