২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী, লিখিত পরীক্ষা ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
গত মে মাসে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। ওই সংবাদ সম্মেলনের পর সম্ভাব্য সময়সূচিও সাংবাদিকদের দেওয়া হয়।
সেই সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে পরীক্ষা মার্চে নেওয়ার সিদ্ধান্ত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ১৪ মার্চ শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। পরীক্ষার বিস্তারিত বিষয়ভিত্তিক সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করবে।







