নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাত ৭টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের ৪র্থ তলার ৩১৩৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ক-জোনের অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে গোপন বৈঠক চলছিল বলে পুলিশের দাবি।

গ্রেপ্তার তিনজন হলেন—কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার থানা পাড়ার জসিম উদ্দিনের ছেলে এমরান সাকিব (২৬), কুমিল্লার লাকসাম থানার গাজীরবাদ এলাকার আঃ কাদেরের ছেলে নুর মোহাম্মদ মো. হৃদয় (২২) এবং কুমিল্লার লাঙ্গলকোট থানার মেলকট এলাকার জালাল আহমেদ ভূইয়ার ছেলে মো. জোবায়ের (২০)। তারা বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গত ১৮ আগস্ট ফতুল্লা থানাধীন শান্তিধারা এলাকায় তাদের প্রতিপক্ষ মিলন-সাজিদ গ্রুপের সঙ্গে মারামারি এবং আগ্নেয়াস্ত্রের মহড়া দেওয়ার কথা স্বীকার করেছে।

উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম:

  • ১টি বিদেশি পিস্তল
  • ১টি ম্যাগাজিন
  • ২ রাউন্ড গুলি
  • সাইকেলের স্পোক দিয়ে বিশেষ কায়দায় তৈরি ২টি কুড়াল
  • লোহার হাতলযুক্ত ১টি কুড়াল
  • ২টি ছুরি
  • ১টি টিপ চাকু
  • ১টি এসএস পাইপ

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >