নারায়ণগঞ্জ ।
,

রেললাইনে যাত্রীকে কুপিয়ে ৭০ হাজার টাকা-মোবাইল ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে মোস্তাক আহম্মেদ নামের এক যাত্রীকে কুপিয়ে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় আহত মোস্তাক আহম্মেদ বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর দিকের আউটারে রেলওয়ে পূর্ব কলোনির লোকমানের টং দোকানের সামনে চট্টগ্রাম-সিলেট রেললাইনের ওপর এ ঘটনা ঘটে।

আহত মোস্তাক আহম্মেদ (৪১) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোস্তাক আহম্মেদ ঢাকায় থেকে আন্তঃনগর তূর্ণা নিশীথা এক্সপ্রেসে রাত ২টা ৪৫ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনে নামেন। রাত গভীর হওয়ায় তিনি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের একটি চায়ের দোকানে বসে থাকেন। পরে ফজরের আজান হলে রেললাইন দিয়ে হেঁটে বাইপাস রেলগেটে গিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।

ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে উদয় মিয়া ও অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি ধারালো চাকু ও দেশীয় অস্ত্র দেখিয়ে তার হাতে থাকা বড় মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। মোস্তাক বাধা দিলে দুর্বৃত্তরা তার গলায় চাকু ধরে প্রাণনাশের ভয় দেখায়।

এজাহারে বলা হয়েছে, টানাহেঁচড়ার একপর্যায়ে মানিব্যাগটি দিতে অস্বীকৃতি জানালে উদয় মিয়া চাকু দিয়ে মোস্তাকের ডান হাতের কবজির নিচে তালুর পেছনের অংশে আঘাত করেন। এতে তার হাতে গুরুতর কাটা জখম হয়। পরে তার কাছ থেকে মানিব্যাগটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

মানিব্যাগে একটি ভিভো ওয়াই-১১ মডেলের মোবাইল ফোন, যার মূল্য ১৬ হাজার ৯৯৯ টাকা এবং নগদ ৭০ হাজার টাকা ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আহত অবস্থায়ও মোস্তাক প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা তার মুখের বাম পাশে চোখের নিচে, বাম বাহুর কনুইয়ের ওপর ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি আখাউড়া রেলওয়ে থানায় গিয়ে মামলা করেন।

আহত মোস্তাক আহম্মেদ বলেন, ভোরে রেললাইন দিয়ে যাওয়ার সময় কয়েকজন তার পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তাকে আহত করে টাকা ও মোবাইল ফোনসহ মানিব্যাগটি নিয়ে পালিয়ে যায় তারা।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, ভুক্তভোগী মামলা করেছেন। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >