গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন – ডাম্প ট্রাকের চালক নাদিম শেখ (২৫) ও ট্রাকে থাকা নিরাপত্তাকর্মী হাছিব (২৬)। নাদিম গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। নিহত অপর নারীর (৪০) পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে টেকেরহাট থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে থাকে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ বলেন, ‘ভয়াবহ শব্দ শুনে আমরা দৌড়ে এসে দেখি বাসটি খাদে পড়ে আছে। আমরা টেনে টেনে আহতদের বের করি। বাসে প্রায় ৩০ জনের মতো যাত্রী ছিলেন, যাদের প্রায় সবাই কমবেশি আহত হয়েছেন।’
বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ডাম্প ট্রাকের চালক নাদিম ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরাপত্তাকর্মী হাছিব ও এক নারী মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




