সালমান শাহ হত্যা মামলার আসামি ঢাকাই সিনেমার খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি। পরে সিআইডির কর্মকর্তারা তাকে গ্রেফতার করে নিয়ে যান।
সিআইডি সূত্র জানায়, রোববার ভোর ৬টার দিকে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে যান ডন। ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট যাচাইয়ের সময় তার নাম স্টপ লিস্টে থাকা বিষয়টি ধরা পড়ে। সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়।
পরে বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়। খবর পেয়ে সিআইডির কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে ডনকে নিজেদের হেফাজতে নেন। এরপর তাকে আদালতে পাঠানো হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, সালমান শাহ হত্যা মামলায় ডনসহ মোট ১১ জন আসামি রয়েছেন। গত বছর আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
সিআইডি জানায়, আদালতের নির্দেশের পর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে রিকুইজিশন পাঠিয়ে এজাহারে নাম থাকা আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই তালিকায় ডনের নামও ছিল।



