নারায়ণগঞ্জ ।
,

তারাগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ও বিকেলে উপজেলার আলমপুর ও সয়ার ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামে পানিতে ডুবে মারা যায় সাফায়াত (২) নামে এক শিশু। সে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাংলীপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাফায়াত তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে একটি ডোবায় পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই দিন বিকেল ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার সয়ার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দামোদরপুর মামুনপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় সিদরাতুল মুনতাহা (১৯ মাস)। সে ওই গ্রামের মো. মহব্বত আলীর মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলছিল মুনতাহা। একপর্যায়ে অসাবধানতাবশত পাশের একটি ছোট পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। একই দিনে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মৃত্যুতে পরিবার দুটিতে নেমে এসেছে শোকের মাতম।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একই দিনে দুই শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় দেখা হচ্ছে।’

তিনি জানান, শিশুদের নিরাপত্তায় পারিবারিকভাবে অভিভাবকদের সতর্ক হওয়া জরুরি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >