নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ৩৭৭ বোতল নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’ পাচারের সময় মো. মমিন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার নাইমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া মো. মমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কাঁঠাল চাঁদপুর এলাকার মো. নূরুল হকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ট্রাকে করে বিপুল পরিমাণ মাদক নারায়ণগঞ্জের দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে র্যাব-১১-এর একটি আভিযানিক দল।
একপর্যায়ে সন্দেহভাজন ট্রাকটিকে থামানোর সংকেত দেওয়া হলে চালকের আসনে থাকা ব্যক্তি দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
এরপর ট্রাকে তল্লাশি চালিয়ে আম পরিবহনের জন্য ব্যবহৃত ক্যারেটগুলোর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি র্যাবকে জানান, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া মাদক, জব্দকৃত ট্রাক এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।






