নারায়ণগঞ্জ ।
,

বন্দরে নতুন পাম্প প্রতিস্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বন্দর  প্রতিনিধি: পানি সরবরাহ নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার প্রতিবাদে এবং অবিলম্বে নতুন পানির পাম্প প্রতিস্থাপনের দাবিতে বন্দরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট)  সকাল ১০টায়  বন্দর প্রেসক্লাবের সামনে  অবিচল রাজবাড়ী  এবং এনসিসির ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা  এ কর্মসূচির আয়োজন করেন। ইকবাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউসুফ আতিক, মোঃ আশরাফউদ্দিন, সামসুল হক, মোজাম্মেল হক সামসুল হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ৯টি ওয়ার্ডে অবস্থিত বেশিরভাগ পাম্প হাউস দীর্ঘদিন ধরে অচল ও বিকল হয়ে পড়ে আছে। নতুন পাম্প স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হলেও অজ্ঞাত কারণে তা বছরের পর বছর আটকে আছে। ফলে ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ড জুড়ে এখন বিশুদ্ধ পানির জন্য হাহাকার চলছে। দৈনন্দিন গৃহস্থালি কাজ ও খাবার পানির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া পাম্পটি প্রায় ৫ বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। সেখানে নতুন পাম্প বসানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও তা বাস্তবায়ন করা হয়নি। এছাড়া ২১ নম্বর ওয়ার্ড পাম্প হাউস, ২২ নম্বর ওয়ার্ডের আরসিম গেট পাম্প হাউস এবং ২৭ নম্বর ওয়ার্ডের পাম্পটিও দীর্ঘদিন ধরে প্রায় অচল। সংস্কার বা নতুন পাম্প স্থাপন না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >