নারায়ণগঞ্জের বন্দরে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী, তার স্বামী ও ভাসুর আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে বন্দর থানার বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সরুফা আক্তার আসমা (৩৬) বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আবু হানিফ (৪৭), দেলোয়ার হোসেন (৫০), আলমগীর (৪৫), রোকেয়া বেগম (৬৫) এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিষয়ে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে একটি মামলার আবেদনও বিচারাধীন রয়েছে।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন বিরোধপূর্ণ জমি সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে দেউলী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ফারজানা আক্তার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বাদীপক্ষের ওপর হামলা চালায়।
ভুক্তভোগীর অভিযোগ, আবু হানিফ ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। স্বামীকে রক্ষা করতে গেলে তার ভাসুর মো. আশরাফ উদ্দিনের মাথায়ও আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
এ ছাড়া রোকেয়া বেগম তার চুলের মুঠি ধরে গলায় চাপ দেন এবং অন্য অভিযুক্তরা কিল-ঘুষি মেরে তাকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাদীর ছেলেদের হত্যা করে গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সরুফা আক্তার আসমা।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টির সত্যতা যাচাই করে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”





