নারায়ণগঞ্জ ।
,

কয়েক দিনের বর্ষণে বন্দরে  ৩টি ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতা

বন্দর প্রতিনিধি: গত কয়েক দিনের টানা বর্ষণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) ২৫ নম্বর ওয়ার্ডসহ বন্দরের কয়েকটি ওয়ার্ডে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ, স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া, ২৬ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী এবং ২৭ নম্বর ওর্য়াডের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানি জমে রাস্তাঘাট, বাড়িঘর সয়লাব হয়ে আছে। ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকার বাসিন্দা মাজহারুল ইসলাম জানান, গত কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে পুরো এলাকা তলিয়ে গেছে। বর্তমানে প্রায় ২০টি পরিবার সম্পূর্ণ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,এই এলাকায় পানি নিষ্কাশনের স্থায়ী কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই।

ফলে  প্রায় সারা বছরই এক প্রকার পানির সঙ্গে লড়াই করে বসবাস করতে হয়। মাঝে মাঝে নিজস্ব বা ব্যক্তি উদ্যোগে পাম্প দিয়ে পানি অপসারণের চেষ্টা করা হয়। কিন্তু স্থায়ী কোনো ড্রেন বা নালা না থাকায় একটু বৃষ্টি হলেই দুর্ভোগের আর শেষ থাকে না।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ড্রেনেজ সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা অচল হয়ে পড়ে। নোংরা ও দূষিত পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে। এতে ছড়াচ্ছে নানা চর্মরোগ ও পানিবাহিত রোগ। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এবং পানি নিষ্কাশনের জন্য সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >