নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পরিবেশ সুরক্ষা ও টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় ‘One Student, One Tree’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন ও নতুন ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সোনারগাঁ স্টেডিয়াম মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজন করা হয় এ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির শুভ সূচনা করেন। পরে স্টেডিয়াম প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এরপর পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর নিউটাউন থেকে গঙ্গানগর কবরস্থান পর্যন্ত ইউনিব্লক দ্বারা সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন করা হয়। এছাড়া বৈদ্যের বাজার মাছ বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে একটি আধুনিক ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বাস্তবায়নাধীন সড়ক ও ঘাটলা নির্মাণ প্রকল্প স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।





