নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় শিক্ষক ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি হারুন অর রশিদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল আবু তাহের জিহাদী, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ খোকনসহ কয়েকজনকে মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
রোববার (৫ জুলাই) দুপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যরা সেখানে প্রবেশ করলে মুফতি হারুন অর রশিদের অনুসারী ছাত্র ও স্থানীয় লোকজন তাদের আটকে দেয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
ম্যানেজিং কমিটির সদস্য শাহ আব্দুল হালিম জানান, মুফতি হারুন অর রশিদকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের পর তার অনুসারীরা ছাত্রদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। একপর্যায়ে প্রিন্সিপাল, সাধারণ সম্পাদকসহ ম্যানেজিং কমিটির সদস্যদের মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়।
মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক সূত্রে জানা গেছে, মাদ্রাসায় ইসলামী ছাত্র শিবিরের একটি কমিটি গঠন নিয়ে গুঞ্জনের জেরে শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি তৈরি হয়। শিক্ষার্থীদের একটি পক্ষকে সমর্থন ও উস্কানি দেওয়ার অভিযোগে মুফতি হারুন অর রশিদকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে পক্ষে-বিপক্ষে অবস্থান তৈরি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের সদস্যরা পৌঁছায়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে স্থানীয়দের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
মুফতি হারুন অর রশিদ জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর হেফাজতে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ শামীম হোসেন জানান, একজন চাকুরিচূত্য শিক্ষক এবং ইমামকে চাকুরিতে পূর্ন বহাল সহ বিভিন্ন দাবীতে বিক্ষুব্ধ ছাত্ররা ভিতরে কয়েকজন কে অবরুদ্ধ করে রেখেছে।এ বিষয় নিয়ে ত্রি পাক্ষিক আলচোনা হচ্ছে। মাদ্রাসার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।






