নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শুটার রিয়াজের দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে আড়াইহাজার উপজেলার পায়রা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ডিবির গ-জোনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান-এর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন মো. সুমন, পিতা খোকন, গ্রামের বাড়ি রূপগঞ্জের গাউছিয়া পারগাঁও এবং শাওন, পিতা মৃত রুহুল আমিন, বাড়ি রূপগঞ্জের ভুলতা এলাকায়। উভয়েই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
ডিবি পুলিশের দাবি, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



