নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মাছুম আহম্মেদ (৪৫), যিনি কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ছিলেন। অপরজন সজল ভূইয়া (৩৮), যিনি নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।





