নারায়ণগঞ্জ । শুক্রবার
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।

গত ২ জুন ২০২৬ রাত ৮টা ১৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন আদর্শ চাষাড়া চাঁনমারি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক আলমগীরের বসতবাড়ির মূল গেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে পারভেজ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পারভেজের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী থানার কালী বাড়ি এলাকায়। বর্তমানে তিনি আদর্শ চাষাড়া চাঁনমারিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অভিযানকালে তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৩ দশমিক ৫০ গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >