নারায়ণগঞ্জ । শুক্রবার
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ফতুল্লার দেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো জুয়েল কসাই (৪৫) ও ডালিম (২৭)।

অভিযানকালে দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোডের ভূইয়া বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৭ দশমিক ০৫ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফতুল্লা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও জনশৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো অপরাধের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানার জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >