নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বারদী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম উৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদার, ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী বারদী আশ্রমে অনুষ্ঠিতব্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসবকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে মঙ্গলবার (২ জুন ) একটি বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাদারিত্ব, সতর্কতা, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

পুলিশ সুপার বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবে অংশগ্রহণকারী সকল ভক্ত ও দর্শনার্থীর নিরাপদ ও নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।”

তিনি আরও জানান, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তি ও বস্তু শনাক্তকরণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিফিং শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সোনারগাঁও উপজেলার বারদী পর্যটন কেন্দ্রে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাসভবন ও লাইব্রেরি পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে তারা বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >