নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

বুধবার (২৭মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহান শিক্ষা দেয়। এই ঈদের মাধ্যমে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প ও বাণিজ্য সমৃদ্ধ জেলা। এখানকার মানুষ পরিশ্রমী, শান্তিপ্রিয় ও মানবিক। ঈদের আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও সেবা নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, কোরবানির পশুর হাটের নিরাপত্তা, বাজার মনিটরিং এবং শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে প্রশাসনের গৃহীত পদক্ষেপ এবারের ঈদকে জনসাধারণের জন্য উপভোগ্য ও শান্তিময় করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

রায়হান কবির নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতে হবে। পাশাপাশি পশু কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সড়কে শৃঙ্খলা মেনে চলা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >