পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) উদ্যোগে ১ হাজার ১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে বলেন, “নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পরিচ্ছন্নতাকর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই নাগরিকরা পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সরকার বরাবরের মতো এবারও তাদের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন। ভবিষ্যতেও সরকারের এই ধরনের কল্যাণমুখী সহযোগিতা ও সদিচ্ছা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই সাথে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও নির্ধারিত সময়ে অপসারণে সিটি করপোরেশনের প্রস্তুতি ও পরিকল্পনার কথা তুলে ধরেন প্রশাসক।
তিনি বলেন, “ঈদের দিন সকাল সাড়ে ১১টা থেকে নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে। নগরবাসী যেন কোনো ধরনের দুর্ভোগে না পড়েন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। প্রতিটি ওয়ার্ডে বর্জ্য অপসারণ কার্যক্রম আমি নিজেও উপস্থিত থেকে তদারকি করবো। এছাড়া ঈদের দিন দায়িত্ব পালনকারী পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ ভাতার বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ এবং সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মো. শামসুজ্জোহা, সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, দিলারা মাসুদ ময়না ও মাসুদা মোজাফফরসহ নাসিকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।






