খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন এক বিবৃতিতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিশেষ করে দেশব্যাপী আশঙ্কাজনক হারে ধর্ষণ ও হত্যাকাণ্ড বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
২১ মে ২০২৬, বৃহস্পতিবার সন্ধায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের পাশাপাশি নারী ও শিশুদের ওপর নির্মম নির্যাতন ও ধর্ষণের ঘটনা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। অতি সম্প্রতি রামিছা ইস্যুসহ দেশজুড়ে ঘটে যাওয়া লোমহর্ষক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনাগুলো প্রমাণ করে যে, সমাজে অপরাধীদের মনে আইনের কোনো ভয় নেই। মা-বোন ও শিশুরা আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। একটি স্বাধীন ও সভ্য দেশে নাগরিকদের জানমাল এবং ইজ্জতের এমন নিরাপত্তাহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা রক্ষা করা সরকারের মৌলিক ও প্রধান দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনের শিথিলতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই দুষ্কৃতকারী, ধর্ষক ও খুনিরা আজ বেপরোয়া হয়ে উঠেছে।”
এবিএম সিরাজুল মামুন অবিলম্বে রামিছা ইস্যুসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।







