নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় ক্যাবল ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নাছির (৬০) নামে এক ডিশ ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর একটার দিকে চানমারী মাউড়াপট্টিস্থ ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামের ডিশ লাইনের অফিসে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত নাছির ফতুল্লা এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরেও নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন নাছির। হঠাৎ তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ফ্রেন্ডস ক্যাবল অফিসের পাশের একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই ছুরি দিয়েই নাছিরকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।







