নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ কেজি গাঁজাসহ সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে এএসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অনন্ত গার্মেন্টসের সামনে থেকে মোঃ সজিব হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সজিব হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশরী ইউনিয়নের কবিরকাঠি এলাকার নাছির মোল্লার ছেলে।

পুলিশ আরও জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >