ফতুল্লা থানাধীন দেওভোগ হাশেমবাগ এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেলের জনাব হাসিনুজ্জামান এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে বৃহস্পতিবার (০৭ মে) ভোর ৫টা ৫ মিনিটে পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকার তসলিমপট্টিতে গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালানো হয়।
অভিযানকালে রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত রনি ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
তার হেফাজত থেকে ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের এসএস তৈরি কুড়াল এবং একটি এসএস পাইপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ তালিকামূলে জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








