রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌরুটে ছোট-বড় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রী এবং ঢাকাসহ আশপাশ এলাকা থেকে ঘরমুখো মানুষ ঘাটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে ঈদকে কেন্দ্র করে যাত্রীদের চাপ ইতোমধ্যেই বৃদ্ধি পেয়েছে। নৌযান চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন অপেক্ষায় রয়েছে। অনেক যাত্রীকে খোলা আকাশের নিচে দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কালবৈশাখী ঝড়ো হাওয়ার কারণে বেলা সোয়া ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।




