নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
সূত্র মতে, রবিবার (০৩ মে ২০২৬) রাত ৮টা ৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ রেহানুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর বেকারীর মোড় জামালের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন
১. মোঃ শরিফুল ইসলাম (২১),
২. সোহেল ওরফে ইফতান (২৯),
৩. মোঃ সবুজ (১৯)।
পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি স্টিলের বাটযুক্ত ধারালো ছোরা, একটি হাসুয়া, একটি চাকু, একটি দা-জাতীয় ব্লেড এবং একটি দ্বিমুখী চাইনিজ কুড়াল। এছাড়া পলাতক আসামিদের ফেলে যাওয়া আরও কিছু অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







