নারায়ণগঞ্জ ।
,

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তি যাচাই করতে চায় আফগানিস্তান

নিজেদের টেস্ট সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ হিসেবে বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টকে দেখছে আফগানিস্তান। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক উন্নতির ছাপ রেখেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় থেকে শুরু করে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান, সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি আগ্রহ আফগানদের।

আফগানিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় আবুধাবিতে অনুষ্ঠেয় এই ম্যাচটি বাংলাদেশের জন্য পয়েন্টের লড়াই নয়। তবে আফগানদের কাছে ম্যাচটির গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে আসা বাংলাদেশের বিপক্ষে নিজেদের দীর্ঘ সংস্করণের ক্রিকেট কতটা পরিণত হয়েছে, সেটিই যাচাই করতে চায় তারা।

আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাসের কাছেও ম্যাচটি নিজেদের উন্নতির মাপকাঠি। বাংলাদেশের সাবেক এই কোচ মনে করেন, শক্তিশালী একটি টেস্ট দলের বিপক্ষে খেলার মাধ্যমে আফগানিস্তান নিজেদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে।

পাইবাস বলেন, ‘অস্ট্রেলিয়ায় সফল একটি সফর করে আসা বাংলাদেশের বিপক্ষে খেলতে নামা, আমাদের জন্য টেস্ট ফরম্যাটে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তা যাচাই করার ভালো একটি সুযোগ।’

টেস্ট ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় আফগান ক্রিকেটারদের জন্য দীর্ঘ সংস্করণের ম্যাচ এখনো চ্যালেঞ্জের। তবে প্রস্তুতির জায়গা থেকে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে দলটি। পাইবাসের মতে, আফগানিস্তানে প্রথম শ্রেণির লাল বলের ক্রিকেট খেলে আসায় দলের বেশ কয়েকজন ক্রিকেটার দীর্ঘ সময় মাঠে থাকার অভিজ্ঞতা পেয়েছেন।

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটের প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো, লাল বলের ফরম্যাটে আসার পর কিছু নির্দিষ্ট বিষয়ের দিকে মনোযোগ দেওয়া। প্রথমত, নিজেদের খেলায় মনোযোগ দেওয়া। আমাদের জন্য ভালো বিষয় হলো, ছেলেরা আফগানিস্তানে প্রথম শ্রেণির লাল বলের ক্রিকেট খেলে আসছে।’

বাংলাদেশের বোলিং আক্রমণকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আফগানিস্তান। হাসান মাহমুদ, শরিফুল ইসলামদের মতো বোলারদের বিপক্ষে ব্যাটারদের মানসিক ও কৌশলগত প্রস্তুতির ওপর জোর দিচ্ছেন কোচ।

বাংলাদেশের বিপক্ষে নিজেদের ক্রিকেটীয় সচেতনতা ও পরিস্থিতি সামলানোর দক্ষতা বাড়ানোই আফগানদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি ব্যক্তিগতভাবে ইনিংস বড় করার দিকেও গুরুত্ব দিতে চান পাইবাস।

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে কীভাবে নিজেদের খেলা, ক্রিকেটীয় সচেতনতা এবং পরিস্থিতি সামলানোর দক্ষতা আরও উন্নত করা যায়। টেস্ট দল হিসেবে আমরা যখন নিজেদের আরও বিকশিত করছি, তখন ইনিংস কীভাবে গড়ে তুলতে হয়, সেদিকেও নজর দিতে হবে। শুধু দলীয়ভাবে নয়, ব্যক্তিগতভাবেও ইনিংস গড়ে তোলার বিষয়টি গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির পাশাপাশি সামনে আরও টেস্ট খেলার সুযোগের অপেক্ষায় আফগান কোচ। তার বিশ্বাস, যত বেশি টেস্ট খেলার সুযোগ মিলবে, তত দ্রুতই পরিণত হবে আফগানিস্তানের টেস্ট ক্রিকেট।

পাইবাস বলেন, ‘টেস্ট ক্রিকেটের একটি দারুণ দিক হলো, এটি একই সঙ্গে একটি সহজ খেলা এবং চাপের খেলা। তাই অল্প সময়ের মধ্যে তিনটি টেস্ট ম্যাচ খেলার এই পর্বটি নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। সামনে নতুন এফটিপি কী নিয়ে আসে এবং আমাদের সূচিতে কতগুলো ম্যাচ যোগ হয়, সেটিও দেখার অপেক্ষায় আছি। আমরা যত বেশি টেস্ট খেলব, আমাদের উন্নতিও তত দ্রুত হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >