নারায়ণগঞ্জ ।
,

জোড়া গোল করে সমালোচকদের এক হাত নিলেন নেইমার

সমালোচনার জবাব কথায় নয়, মাঠেই দিলেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান সিরি ‘আ’ লিগের ম্যাচে চাপেকোয়েন্সের বিপক্ষে জোড়া গোল করে সান্তোসকে হার থেকে বাঁচানোর পাশাপাশি গোল উদযাপনে তাস খেলার ভঙ্গি করে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তারই প্রতীকী জবাব ছিল তার এই উদযাপন।

শনিবার (২৫ জুলাই) ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে ব্রাজিলিয়ান লিগের ২০তম রাউন্ডের ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল চাপেকোয়েন্সের সঙ্গে ২-২ গোলে ড্র করে সান্তোস। দলের হয়ে দুটি গোলই করেন নেইমার। এই ড্রয়ের পর টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে সান্তোস। ২০ ম্যাচে ৫ জয়, ৭ ড্র ও ৯ হারে তাদের পয়েন্ট ২২। সমান ম্যাচে ১ জয়, ৭ ড্র ও ১২ হারে চাপেকোয়েন্সের পয়েন্ট ১০।     

ম্যাচের ৩৫তম মিনিটে বাররেয়ালের পাস থেকে ডি-বক্সে দারুণ এক ফিনিশে প্রথম গোল করে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। এরপর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৫১তম মিনিটে মার্সিনিয়োর গোলে সমতা ফেরায় চাপেকোয়েন্সে। ৬২তম মিনিটে জোয়াও আনানিয়াসের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়েও যায় সফরকারীরা। ম্যাচ যখন হারতে বসেছে সান্তোস, ঠিক তখনই ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে নিশ্চিত হার থেকে এক পয়েন্ট এনে দেন নেইমার।

প্রথম গোলের পর উদযাপনে নেইমার এমন ভঙ্গি করেন, যেন তিনি তাস বিলিয়ে খেলছেন। টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, তাস বিলানোর ভঙ্গি করার সময় তিনি বিদ্রূপাত্মক ভঙ্গিতে ‘চুপা’ বলছিলেন। পোকার নিয়ে সাম্প্রতিক সমালোচনার পর এই উদযাপনকে ফুটবলবোদ্ধাদের অনেকেই সমালোচকদের উদ্দেশে নেইমারের সরাসরি বার্তা হিসেবেই দেখছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে সাও পাওলোতে দুই দিনব্যাপী একটি পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন নেইমার। ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের কোপা সুদামেরিকানার ম্যাচে তিনি না খেলে পোকার টুর্নামেন্টে যোগ দেওয়ায় অনেকে তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও পরে সান্তোস ক্লাব জানায়, পরিকল্পিত বিশ্রামের অংশ হিসেবেই ওই ম্যাচে নেইমারকে খেলানো হয়নি।

ওই সময় সমালোচনার কড়া জবাব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন নেইমার। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘আজ দ্বিতীয় অনুশীলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন মনে হলো, আমার ছুটির দিনে আমি পোকার খেলেছি বলে কত মানুষ কত কথা বলেছে। আমি সকালে অনুশীলন করেছি, ম্যাচে যাইনি, পরে আবার অনুশীলনে ফিরেছি। সেদিন আমার ছুটি ছিল। তবু সবাই কথা বলছে। এখন আমি অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এবার কি অনুশীলনও করতে পারব, নাকি সেটাও নিয়ে সমালোচনা হবে? নিজের জীবনটা নিয়ে ভাবুন।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >