নারায়ণগঞ্জ । রবিবার
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কটল্যান্ড ম্যাচেই ব্রাজিলের ভাগ্য নির্ধারণ, হারলেও থাকছে নকআউটের সম্ভাবনা

বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল চলতি আসরে এখনো অপরাজিত থাকলেও নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ থেকে নকআউট পর্বের পথে রয়েছে সেলেসাওরা।

তবে সরাসরি রাউন্ড অব ৩২ নিশ্চিত করতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ভালো ফল করতেই হবে ব্রাজিলকে। বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল, তাদের সংগ্রহ ৪ পয়েন্ট এবং গোল ব্যবধান +৩। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে (+১) পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। স্কটল্যান্ডের পয়েন্ট ৩, আর হাইতি এখনো কোনো পয়েন্টের দেখা পায়নি।

স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও অবশ্য ব্রাজিলের বিশ্বকাপ অভিযান সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে না। এবারের ৪৮ দলের বিশ্বকাপে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি আটটি সেরা তৃতীয় স্থান অধিকারী দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। ফলে পরাজয়ের পরও শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা থাকবে ব্রাজিলের।

স্কটল্যান্ড জয় পেলে তাদের পয়েন্ট হবে ৬, আর ব্রাজিল থাকবে ৪ পয়েন্টে। সেক্ষেত্রে ব্রাজিলের অবস্থান অনেকটাই নির্ভর করবে মরক্কো ও হাইতির ম্যাচের ফলের ওপর। হাইতিকে হারালে মরক্কোর পয়েন্ট হবে ৭, আর ড্র করলে হবে ৫। উভয় পরিস্থিতিতেই মরক্কো ও স্কটল্যান্ড গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে পরের পর্বে যাবে এবং ব্রাজিল নেমে যাবে তৃতীয় স্থানে।

অন্যদিকে মরক্কো যদি হাইতির কাছে হেরে যায়, তাহলে ব্রাজিল ও মরক্কো উভয়েরই পয়েন্ট থাকবে ৪। তখন গোল ব্যবধানের ভিত্তিতে নির্ধারিত হবে অবস্থান। বর্তমানে গোল ব্যবধানে এগিয়ে থাকায় স্বল্প ব্যবধানে হারলেও দ্বিতীয় স্থান ধরে রাখার সুযোগ থাকবে ব্রাজিলের।

তবে সব হিসাব-নিকাশের বাইরে থেকে স্কটল্যান্ডকে হারাতে পারলেই ৭ পয়েন্ট নিয়ে নিশ্চিতভাবে নকআউট পর্বে জায়গা করে নেবে ব্রাজিল। এমনকি ড্র করলেও ৫ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা থাকবে প্রবল। আর তৃতীয় স্থানেও শেষ করলেও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে সেলেসাওদের।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >