নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির আরো এক কেন্দ্রীয় নেতা যোগ দিলেন বিএনপিতে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-আহবায়ক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।

বুধবার দুপুর ২টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে সদস্য পদ গ্রহণ করে দলটিতে যোগ দেন মীর আরশাদুল হক। এর মাধ্যমে তিনি বিএনপির প্রাথমিক সদস্য হয়েছেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর সকালে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুকে মীর আরশাদুল হক জানান, এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করছেন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন না।

মীর আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি পরিবেশ সেলের প্রধান ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও গত ১০ মাসে দলটি সেই প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। দল ও নেতৃত্ব ভুল পথে রয়েছে বলে মনে করেন তিনি। তাই এনসিপির সঙ্গে আর কোনো রাজনৈতিক সম্পর্ক রাখছেন না বলেও জানান।

পোস্টে তিনি আরও লেখেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলেও বাস্তবে তা পূরণ হয়নি। গণঅভ্যুত্থানে বিপুল আত্মত্যাগের পরও দেশে শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রে উত্তরণ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মীর আরশাদুল হক বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ও জোটের সরকার গঠনের বিকল্প নেই।’ তারেক রহমানের নেতৃত্বগুণ, ভিশন ও বিভিন্ন খাতে বাস্তবসম্মত পরিকল্পনা তাকে আকৃষ্ট করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে তরুণদের উদ্দেশে তিনি আহ্বান জানান, পপুলিজম বা হুজুগে প্রভাবিত না হয়ে দেশের ভবিষ্যৎ ও জনকল্যাণের কথা বিবেচনা করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সমর্থন দেওয়ার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >