নারায়ণগঞ্জ । শনিবার
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরীর প্রধান সড়কগুলো হকারমুক্ত করার পর তাদের জীবনমান রক্ষায় দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার বিভাগ, ঢাকার দুই সিটি করপোরেশন এবং রাজউকসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি স্পষ্ট করেন যে, সড়ক দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এমন স্থানে পুনর্বাসন করতে হবে যেখানে তারা স্বচ্ছন্দে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, উচ্ছেদ হওয়া হকারদের সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে তাদের নিবন্ধনের আওতায় আনা হবে এবং সরকারিভাবে পরিচয়পত্র প্রদান করা হবে। সম্প্রতি মিরপুর, মতিঝিল, গুলিস্তান ও পল্টনসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত কয়েকশ ব্যবসায়ীর কর্মসংস্থান নিশ্চিত করতে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সরকারি এই উদ্যোগের ফলে একদিকে যেমন রাজপথ পথচারীবান্ধব হবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনযাত্রাও স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে রাজধানীর তীব্র যানজট নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, স্কুল-কলেজ শুরু ও ছুটির সময় রাস্তার ওপর যত্রতত্র গাড়ি পার্কিং যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব মাঠের একটি নির্দিষ্ট অংশ অস্থায়ী পার্কিং হিসেবে ব্যবহারের প্রস্তাব দেন তিনি। এতে মূল সড়কে গাড়ির চাপ কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজতর হবে।

গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসকদ্বয় এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের প্রধানমন্ত্রী আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে জনকল্যাণমুখী প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। রাজধানীর আধুনিকায়ন ও জনদুর্ভোগ লাঘবে পর্যায়ক্রমে এমন আরও বহুমুখী পদক্ষেপ নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >