জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাজা ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামিরা ট্রাইব্যুনালের ভেতরে হট্টগোল শুরু করেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বিচারিক কার্যক্রম শেষে আসামিদের ট্রাইব্যুনাল কক্ষ থেকে বের করে আনার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যদের হস্তক্ষেপ করতে হয়।
ঘটনাস্থলে উপস্থিতদের ভাষ্য অনুযায়ী, আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তারা চিৎকার করে দাবি করেন, এই রায় তারা মানেন না এবং নিজেদের নির্দোষ বলে দাবি করেন। তাদের অভিযোগ, মামলায় তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কিছু সময়ের জন্য অস্থিরতা বিরাজ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, আলোচিত এ মামলার রায় ঘোষণার পরই দেশের বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আদালতের এই রায়ের পরবর্তী আইনি প্রক্রিয়া এবং আপিলের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।






