নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আরও ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আরও আটজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এদিকে পরিচয় নিশ্চিত হওয়ার পর শহীদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা প্রিয়জনের কবর ছুঁয়ে বিলাপ করেন।

শনাক্ত হওয়া শহীদরা হলেন- ফয়সাল সরকার, পারভেজ বেপারী, রফিকুল ইসলাম, মো. মাহিম, সোহেল রানা, মো. আসানুল্লাহ, কাবিল হোসেন ও রফিকুল ইসলাম।

সিআইডি জানায়, রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দাফন করা ১১৪ জনের মরদেহ তুলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে। রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রতিটি মরদেহ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত পরিচালনা করেন। সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিকেল ল্যাবরেটরি ব্যবহার করে প্রয়োজনীয় বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।

সিআইডি আরও জানায়, এ পর্যন্ত অজ্ঞাতপরিচয় শহীদদের পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্য থেকে ৯টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত ডিএনএ নমুনার মাধ্যমে ৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট মরদেহের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >