দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্যানসার কর্মশালা-২০২৫। এই কর্মশালায় বিশ্বের ৮ জন খ্যাতনামা ক্যানসার বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট পেশাজীবী ও গবেষক অংশগ্রহণ করবেন।
ঢাকা মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে আগামী ২৩ ও ২৪ নভেম্বর দুইদিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। দেশে ক্যানসারের গবেষণা, চিকিৎসা ও জনসচেতনতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ক্যানসার কনসোর্টিয়াম (বিসিসি)।
কর্মশালায় হেড-নেক সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, অনকোপ্লাস্টিক স্তন ও অনকোলজি বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া থাকবে লাইভ সার্জারি সেশন ও ক্যাডেভারিক হ্যান্ডস অন সার্জিক্যাল প্রশিক্ষণ।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান উপস্থিত থাকবেন।
কর্মশালার আয়োজক এবং কনসোর্টিয়ামের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান কালের কণ্ঠকে বলেন, উন্নত বিশ্বের ক্যানসার চিকিৎসকরা নতুন প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা নিয়ে কর্মশালায় আলোচনা করবেন।
এতে শিক্ষার্থী, বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং গবেষকরা অংশগ্রহণ করবেন।








