কক্সবাজারের ইনানী বিচ এলাকায় একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে টুপটুপ নামে ওই রিসোর্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টা ২৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের তথ্য পেয়েছেন। সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত ৪ জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যোগাযোগ করা হলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উখিয়া স্টেশনের অফিসার সাইদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
সকাল ১১টার আগুন নির্বাপণ হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘কাঠ দিয়ে তৈরি ৩ তলা রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে।’
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আহত ৪ জনের মধ্যে কেউ দগ্ধ, আর কেউ আগুন থেকে বাঁচার চেষ্টার সময় আঘাত পেয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





