নারায়ণগঞ্জ ।
,

যাত্রাবাড়ীতে বাস থেকে ৯ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২) নামে দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (৯ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান।

রাজিউর রহমান জানান, ‘খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে মাদকের বড় চালান ঢাকায় আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। পরে টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে শান্তি পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৮৯৯৮ নম্বর বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ‘এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০ ও ২০২৬) অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন অধিদপ্তরের ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >