নারায়ণগঞ্জ ।
,

গাজীপুরে বিকাশের গাড়ি আটকে নগদ ৩ কোটি টাকা লুট, আহত ৩

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’-এর প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুরের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, মাওনা চৌরাস্তা এলাকায় প্রতিষ্ঠানটি বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকা এবং গার্মেন্টসকর্মীদের বেতনের চাপের কারণে তাঁরা নগদ টাকার সংকটে পড়েন। নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর ‘হযরত আলী মুন্সী’র কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ অর্থ সংগ্রহ করে একটি প্রাইভেটকারে শ্রীপুরে আনা হচ্ছিল। গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত সেটির গতিরোধ করে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্যমতে, ছিনতাইকারীরা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রের মুখে প্রাইভেটকারের কাচ ভেঙে ভেতরে ঢোকে। একপর্যায়ে পিস্তল বের করে গুলি চালালে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হন। এ সময় প্রাইভেটকারের চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হন।

গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল। এর মধ্যে তিনটি বস্তা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিক হিসাবে প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। বর্তমানে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং আহত ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >