যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’। ইতোমধ্যে ঘণ্টায় ১২৮ কিলোমিটার বেগে (৮০ মাইল) বাতাসের গতিবেগ নিয়ে ‘ইসাইয়াস’ ২০২৬ মৌসুমের প্রথম আটলান্টিক হারিকেনে পরিণত হয়েছে। হারিকেনটি গালফ উপকূলে আঘাত হানার আশঙ্কার পাশাপাশি আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ‘ইসাইয়াস’ স্থলভাগে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে গালফ উপকূলজুড়ে প্রায় ৭৫ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ২৫০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
শক্তিশালী ‘এল নিনোর’ প্রভাবে এবারের আটলান্টিক হারিকেন মৌসুমটি বেশ শান্ত ছিল। ১৯০৫ সালের ৮ অক্টোবরের পর এবারই প্রথম মৌসুমের প্রথম হারিকেনটি এত দেরিতে সৃষ্টি হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাঞ্চলীয় সময় রাত ২টার সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘ইসাইয়াসের’ বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৬৮ কিলোমিটারেই (১০৫ মাইল) অপরিবর্তিত রয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার ‘ইসাইয়াস’ সাময়িকভাবে ক্যাটাগরি ৩ হারিকেনে পরিণত হতে পারে। তবে এরপর এর শক্তি কিছুটা কমে গভীর রাতে স্থলভাগে আঘাত হানতে পারে। যদিও স্থলভাগে পৌঁছানোর আগে কিছুটা দুর্বল হয়ে পড়লেও, ‘ইসাইয়াসের’ প্রভাবে বিপজ্জনক জলোচ্ছ্বাস, শক্তিশালী বায়ুঝড় এবং ভারী বৃষ্টিপাতজনিত বন্যা দেখা দিতে পারে।



