ভারতের রাজধানী দিল্লির সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এতে বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যম এনডিটিভিকে এ তথ্য জানিয়েছেন।
এর মাত্র এক মাস আগেই সত্য নিকেতনের একটি হোস্টেল ভবন ধসে পড়ে সাতজনের প্রাণহানি হয়। বেশ কয়েকজন গুরুতর আহত হন।
বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) ভবন ধসের খবর পায়। এরপরই দ্রুত দুর্ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠায়। ডিএফএস-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এখনও উদ্ধার অভিযান চলছে।’
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের মাঝে বহু মানুষ দাঁড়িয়ে আছেন। কেউ কেউ চলাচলের পথ সুগম করতে খালি হাতেই বড় বড় কংক্রিটের স্ল্যাব সরানোর চেষ্টা করছেন।
এদিকে দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে সাধারণ মানুষকে ওই এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে, যাতে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহন দ্রুত চলাচল করতে পারে।
পোস্টে দিল্লি ট্রাফিক পুলিশ জানায়, ‘সীমাপুরীতে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এখন উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে কাজ করছে। সীমাপুরী গোল চক্কর, ডিএলএফ ভোপাল ও তৎসংলগ্ন সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফাঁকা রাস্তা অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানকে দ্রুত পৌঁছাতে সাহায্য করবে। সম্ভব হলে অনুগ্রহ করে এই এলাকাটি এড়িয়ে চলুন। দুর্ঘটনাস্থলের কাছে থামবেন না, গাড়ি পার্ক করবেন না বা ভিড় জমাবেন না এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলুন।’






