নারায়ণগঞ্জ ।
,

মানিকগঞ্জে গোপন গোডাউনে মজুত ১২৫টি গ্যাস সিলিন্ডার, ভোক্তা অধিকারের জরিমানা

বুধবার (৭ অক্টোবর) সকালে সাটুরিয়ার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মাছরাঙা এন্টারপ্রাইজের মালিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খোরশেদ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বিক্রয়কেন্দ্রে অল্পসংখ্যক সিলিন্ডার প্রদর্শনে রাখা হলেও খোরশেদ আলমের বাড়িতে গোপন গোডাউন করে বিপুলসংখ্যক সিলিন্ডার মজুদ রাখা হয়েছিল। সেখান থেকেই উদ্ধার করা হয় ১২৫টি সিলিন্ডার। পরে কর্মকর্তাদের উপস্থিতিতে সরকার নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকা দরে সেগুলো বিক্রি করা হয়।

এ ছাড়া গ্যাস বিক্রিতে অনিয়মের অভিযোগে মোকাদ্দেছ এন্টারপ্রাইজের মালিক মোকাদ্দেস হোসেন ও আব্দুল্লাহ এন্টারপ্রাইজের মালিক শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অন্যদিকে, দরগ্রাম এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান চালানো হয়। সেখানে ছানা ধোয়া ও ঠান্ডা করার পানিতে ব্যাঙ, ব্যাঙাচি ও মশার লার্ভা পাওয়া যায়। পাশাপাশি দুধের সঙ্গে ডালডা, তেল ও আটা মেশানোর অভিযোগও পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে হারাধন ঘোষকে ৩০ হাজার এবং জীবন ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানা দুটি সাত দিনের জন্য বন্ধ রেখে পরিবেশ উন্নয়নের নির্দেশ দেয়া হয়েছে।

সব মিলিয়ে অভিযানে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, স্যানিটারি পরিদর্শন বিভাগ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।

রুমেল বলেন, অবৈধভাবে গ্যাস মজুদ করে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দামে বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ভেজাল প্রতিরোধেও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >