কিশোরগঞ্জের মিঠামইনে আগুনে দুই তলা টিনশেডের একটি বসতঘর ও সারের গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা ১৪ মিনিটে মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রুস্তম আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের লিডিংম্যান তানভীর হাসান জানান, রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে দুই তলা টিনশেডের বসতঘর ও সারের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে মোট ১৫টি কক্ষ ছিল।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।






