নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহ আলম ও এএসআই (নিঃ) মোঃ হেমায়েত উদ্দিন পিপিএম-এর নেতৃত্বে একটি দল ৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বাজার রোডসংলগ্ন আজমেরী হোটেলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ২ কেজি গাঁজাসহ মোঃ গুলজার হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার গুলজার হোসেনের পিতার নাম মৃত নোয়াব আলী। তার স্থায়ী ঠিকানা ঢাকার বংশাল থানার সিদ্দিক বাজার এবং বর্তমান ঠিকানা সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া পাহাড় ভিলা এলাকায়।
অপরদিকে, এসআই (নিঃ) মোঃ বেলাল উদ্দিন-এর নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় জনৈক ইব্রাহীমের বাড়ির সামনে পায়ে চলার রাস্তা থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইব্রাহীম (৪৫) নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইব্রাহীমের পিতার নাম মৃত কাশেম। তার ঠিকানা সুমিলপাড়া বিহারী ক্যাম্প, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



