নারায়ণগঞ্জ ।
,

চট্টগ্রামের ফটিকছড়িতে দিনদুপুরে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের অভিযোগ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, একাধিক সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। গত কয়েক দিনে ট্রাকচালককে কুপিয়ে জখম, বসতঘর ও মন্দিরে চুরি, বাড়িতে ডাকাতি এবং পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মতো একাধিক ঘটনা ঘটেছে।


এর আগে ২৭ সেপ্টেম্বর রাতে ফটিকছড়ি উত্তর উপজেলা ও মিরসরাই সীমান্তের নয়াটিলা মাজারের পূর্ব পাশে এক ট্রাকচালককে কুপিয়ে জখম করে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ২৩ সেপ্টেম্বর লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এক ব্যবসায়ীর ঘর থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরি হয়।


২১ সেপ্টেম্বর সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া এলাকায় শ্রী শ্রী মগধেশ্বরী মন্দিরের গ্রিল ও তালা কেটে স্বর্ণালংকার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা চুরির অভিযোগ পাওয়া যায়। ১৮ সেপ্টেম্বর পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকায় একটি বাড়িতে ডাকাতির অভিযোগ ওঠে। এছাড়া ১৭ সেপ্টেম্বর নাজিরহাট পৌর এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার এবং ১০ সেপ্টেম্বর কিপাইতনগর মুনিরুল উলুম দাখিল মাদ্রাসায় চুরির ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ও ভুজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গরু চুরির ঘটনাও ঘটছে। এতে রাতে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাসিন্দারা।


বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি নাজমুল আলম বলেন, চোরেরা সাধারণত গভীর রাতে বাড়ির পেছনের অংশ বা নির্জন স্থান দিয়ে ঘরে প্রবেশ করে। তিনি চুরি-ডাকাতি বন্ধে রাতের টহল জোরদার এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।


এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, বিভিন্ন ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছিল। তবে অভিযোগ না পাওয়ায় মামলা করা সম্ভব হয়নি। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশের টহল দল মাঠে থাকে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >