কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়ির আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ৬০ হাজার টাকা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় সন্দেহজনক মালামালের সন্ধান পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জব্দ করা ভারতীয় শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।



