পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম। জব্দ করা হয় নৌকা, মাছসহ বিভিন্ন সরঞ্জাম।
শুক্রবার রাত ৯টার দিকে সুন্দরবনের নটাবেঁকী এলাকার রায়মঙ্গল নদীর সাইট খাল সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান আলী।
আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার বোশখালী গ্রামের মো. আল আমিন মোল্যা এবং পার্শ্বেমারী গ্রামের মো. মোমিনুল ইসলাম, মো. কবিজুল ও ছুরাত জামাল গাজী।
এসও এরফান সাংবাদিকেদের বলেন, স্মার্ট পেট্রোল টিম সাতক্ষীরা-১-এর কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটকদের কাছ থেকে একটি ডিঙি নৌকা, প্রায় ১৫০ কেজি সাদা মাছ, একটি পাটাজাল, দাঁড়-বৈঠা ও করাত জব্দ করা হয়।
এছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে শুক্রবারই বন আইনে মামলা দিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আটকদের কাছ থেকে একটি ডিঙি নৌকা, প্রায় ১৫০ কেজি সাদা মাছ, একটি পাটাজাল, দাঁড়-বৈঠা ও করাত জব্দ করা হয়।





