নারায়ণগঞ্জ ।
,

শিবগঞ্জ সীমান্তে ৫০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ, পালাল মাদক কারবারি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া ও উপচকপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ৫০ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটির অজ্ঞাতনামা আরোহী পালিয়ে যায়।

অন্যদিকে, সকাল ৮টা ৫০ মিনিটে আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপচকপাড়া গ্রামের পাকা রাস্তায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করে।

বিজিবি জানায়, পৃথক দুই অভিযানে জব্দ করা ফেন্সিডিল ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >