নারায়ণগঞ্জ ।
,

নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ ১১ জন আটক

নড়াইলে একটি মামলার হাজিরা দিতে গিয়ে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আদালত চত্বরের মতো একটি সুরক্ষিত স্থানে অস্ত্র নিয়ে প্রবেশের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—কালিয়া উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), মো. আমিনুর শিকদার (৫৬), মো. হাফেজ শেখ (২৫), মো. তৈয়বুর রহমান (৫৫), মো. সেকেন্দার আলী (৫৮), মো. হাসানুর রহমান (৫৫), মো. রিয়াজুল শিকদার (২৭), মো. আরিফুল শেখ (২২), মো. তারেক শেখ (৩২), মো. জুলফিকার রহমান (৪০) এবং মো. শরিফুল মোল্যা (৪০)। তারা সবাই কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে ওই ব্যক্তিরা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য নড়াইল আদালতে যান। হাজিরা দেওয়ার আগে তারা আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দাসহ একাধিক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আইনজীবীর চেম্বারে বা আদালতের মতো বিচারালয় প্রাঙ্গণে এ ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিদের উপস্থিত হওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রশ্ন ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে বড় ধরনের কোনো সহিংসতার উদ্দেশ্যে তারা এসব অস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তবে তারা ঠিক কী মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং অস্ত্রগুলোর মূল উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >