নারায়ণগঞ্জ ।
,

বিশ্বকর্মা পূজায় গোপালগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ

বিশ্বকর্মা পূজায় গোপালগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকাবাইচ। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালিগঞ্জের বাবুর খালে এ নৌকাবাইচকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

আবহমান গ্রামবাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও কালিগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এ নৌকাবাইচের আয়োজন করা হয়।

প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত এ নৌকাবাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল ও বরিশালের বিভিন্ন এলাকার শতাধিক সরেঙ্গা, ছিপ, কোষা ও বাছারী নৌকা অংশ নেয়।

বিকেল থেকেই নানা রঙ ও বিচিত্র সাজে সজ্জিত নৌকাগুলো প্রতিযোগিতায় নামে। সন্ধ্যা পর্যন্ত একের পর এক চলে নৌকাবাইচ। ঢাক-কাশির বাদ্য, জারি-সারি গান আর বৈঠার ছলাৎ-ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে বাবুর খাল। মাঝিদের ‘হেঁইও হেঁইও’ ধ্বনিতে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

নৌকাবাইচ দেখতে খালের দুই পাড়ে ভিড় করেন হাজারো মানুষ। নৌকা ও ট্রলারে করেও অনেকে বাইচ উপভোগ করতে আসেন। নারী দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বাইচ চলাকালে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এ আয়োজনকে ঘিরে নৌকায় নৌকায় বসে মেলার মতো পরিবেশও তৈরি হয়। গোপালগঞ্জের পাশাপাশি মাদারীপুর, বাগেরহাট ও বরিশালসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীরা ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপভোগ করেন।

নৌকাবাইচ দেখতে আসা মেহেদী হাসান বলেন, প্রায় ২০০ বছর আগে বিল এলাকার মানুষ চিত্তবিনোদনের জন্য নিজেদের মধ্যে নৌকা নিয়ে প্রতিযোগিতা করতেন। সেখান থেকেই এ নৌকাবাইচের প্রচলন। দীর্ঘ সময় ধরে সেই ঐতিহ্য ধরে রাখা হয়েছে। নৌকাবাইচ থেকে এলাকার মানুষ নির্মল আনন্দ উপভোগ করেন।

কলাবাড়ী গ্রামের সুশান্ত বর্ণিক বলেন, শুধু আনন্দ উপভোগের জন্যই নৌকার মালিকেরা দূর-দূরান্ত থেকে নৌকা নিয়ে এখানে আসেন। বাইচ উপলক্ষে বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজনের সমাগম ঘটে এবং নানা ধরনের খাবারের আয়োজন করা হয়। সব মিলিয়ে সবাই মিলে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >