ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মোট ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এসপি কার্যালয়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে কয়েকজন পুলিশ সদস্যকে টাকার বিনিময়ে জুয়া খেলতে দেখা যায়। এ সময় তাদের গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পুলিশ সদস্যদের সঙ্গে বাধা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানা আহত হন। ধাক্কাধাক্কির একপর্যায়ে তাঁর একটি আঙুল ভেঙে যায় বলে জানা গেছে।
ঘটনাটির পর ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হলেও কোনো অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, পুলিশের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা এবং আইনের সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।



