দেড় মাস তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ।
উল্লেখ্য, গতকাল সোমবার দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে, মঙ্গলবার রাত থেকে দেশের কলকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ মিলবে।
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শিল্প ও আবাসিক খাতে গ্যাসের সরবরাহ ও চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে বিদ্যুৎ, সিএনজি ও সার কারখানায় প্রয়োজনের তুলনায় ঘাটতি থাকায় এসব খাতে সংকট এখনই পুরোপুরি কাটছে না।
পেট্রোবাংলা বলছে, সেপ্টেম্বরে ১০টি এলএনজি কার্গো আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে একাধিকবার দরপত্র দিলেও সবগুলো পাওয়া যায়নি। এছাড়া দাম অনেক বেড়ে যাওয়ায় সব মিলিয়ে ৯টি এলএনজি কার্গো আমদানি নিশ্চিত হয়েছে।
এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের দুটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরবের আরামকোর দুটি এবং খোলাবাজার থেকে কেনা হয়েছে পাঁচটি।




